গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি। দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন একইভাবে তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে উড়োজাহাজের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে দাবি করা হয়, সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এ কারণে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
নতুন পাসপোর্ট সংগ্রহের উদ্যোগ
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেন শেখ হাসিনা। এর পরই তার দেশে ফেরার নির্দিষ্ট পরিকল্পনার বিষয়টি সামনে এলো।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে শেখ হাসিনার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। এখন নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের পাশাপাশি দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনার এই আহ্বানের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্স সরকারের একজন মুখপাত্রের কাছে মন্তব্য চাইলেও তিনি সাড়া দেননি।
দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: সরকারের মন্ত্রী
এর আগে রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজের ব্যবস্থা করার বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।
মৃত্যুদণ্ডের রায় রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।
তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা এখনো জানা যায়নি।
সূত্র: রয়টার্স।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।