Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই, এনভিডিয়ার নেতৃত্বে ফিরলেন জেনসেন হুয়াং

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না বলে নিশ্চয়তা পাওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে দাবি করা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না বলে নিশ্চয়তা পাওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে দাবি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে আগের তিনটি পদে ফিরিয়ে আনা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার আগে জেনসেন হুয়াংয়ের সঙ্গে একাধিক দফায় আলোচনা ও বৈঠক করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। এসব আলোচনায় প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা, নেতৃত্বের দক্ষতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার অবস্থান পর্যালোচনা করা হয়।

এনভিডিয়ার দাবি, আলোচনার সময় হুয়াংয়ের বক্তব্যের স্বচ্ছতা ও প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হন পর্ষদ সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও পরামর্শ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য ও মতামত পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তে পৌঁছায় যে, হুয়াংকে পুনর্বহাল করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না।

এর আগে হুয়াংয়ের বিষয়ে পর্যালোচনার অংশ হিসেবে মার্কিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও বৈঠক করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

পর্যালোচনা প্রক্রিয়া শেষে সোমবার সর্বসম্মতিক্রমে তাকে সিইও, প্রেসিডেন্ট এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানানো হয়।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।