গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে দলটি।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক শক্তি নিয়ে ভূমিকা রাখবে দলটি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, একটি জেলার নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সরকারের ব্যর্থতার প্রমাণ। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
সরকারের পদত্যাগ দাবি করছেন না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, তারা চান সরকার ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সঠিক পথে দেশ পরিচালনা করুক।
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি দাবি করেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইন পাস করা সম্ভব হলেও জনগণের রায় উপেক্ষা করে তা টেকসই করা যাবে না। এ জন্য গণভোটের ফল বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ায় জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা সম্ভব হবে।
ডাকসু ভিপি সাদিক কায়েমও আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। অথচ সরকার তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পারছে না।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।