দেশের নয় জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সদস্য মোতায়েনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি রয়েছে। এতে মোট সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুন।
গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত করায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
একইভাবে ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আনসার সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন। বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চললেও কিছু প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জননিরাপত্তা বজায় রাখা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।