কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা, অসদাচরণ, পলায়ন ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান।
অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় প্রলয় কুমার ও নাজমুল বরখাস্ত
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে কর্মরত প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার যোগাযোগ ও নোটিশ পাঠানো হলেও তিনি কাজে যোগ দেননি। বিভাগীয় তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
একইভাবে সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার ফেরার কথা থাকলেও তিনি আর যোগ দেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছরের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অপহরণ ও অর্থ দাবির ঘটনায় অভিযুক্ত এএসপি সারোয়ার
সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।
পরে তাদের একটি বাড়িতে আটকে রেখে মুঠোফোনে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ সারোয়ার ও তার সহযোগীদের আটক করে। বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
চিকিৎসার অনুমতি নিয়ে কর্মস্থলে ফেরেননি আরিফুজ্জামান
ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত এএসপি মো. আরিফুজ্জামান ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে অন্য হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার তথ্য দেন তিনি।
পরবর্তী সময়ে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে যোগ দেননি। তদন্তে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে অননুমোদিত অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় শামীম ও রুবাইয়াতের চাকরিচ্যুতি
গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর কাজে ফেরার কথা থাকলেও তিনি আর যোগ দেননি।
সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। স্থায়ী ঠিকানায় তিনবার নোটিশ পাঠানোর পরও তিনি কর্মস্থলে ফেরেননি। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনুপস্থিতির সময় তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে নিজের দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
এএসপি ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি।
দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্ত শেষে প্রথমে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে শাস্তি পরিবর্তন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার বরখাস্তের সিদ্ধান্ত সংশ্লিষ্ট অননুমোদিত অনুপস্থিতির তারিখ থেকে কার্যকর করার কথা জানানো হয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।