রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় পুলিশ ও গোয়েন্দা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তবে সেখানে তারানা হালিমকে পাওয়া যায়নি।
জানা গেছে, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের উপস্থিতি দেখা যায়। এ সময় বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
তবে কী তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা সেখানে আসেন। ওই সময় তারানা হালিম বাসায় ছিলেন না। দুজন নারী পুলিশ সদস্য ভবনের ওপরতলায় গেলেও সেখান থেকে কিছু বের করেননি।
তিনি আরও জানান, ভবনের চারতলায় তারানা হালিমের বাবা থাকেন। এ সময় একজন চালক বাসা থেকে কিছু মালপত্র নামিয়েছিলেন।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনের নিরাপত্তাকর্মী ও স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও উপস্থিত থাকতে দেখা যায়।
উল্লেখ্য, তারানা হালিম আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি আইন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।