সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন ব্যবস্থা চালু এবং মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করতে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও পাবে প্রতিষ্ঠানটি।
তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। মিথ্যা, বিভ্রান্তিকর বা হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রচারের ক্ষেত্রেও এসব বিধান প্রযোজ্য হতে পারে।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন কিংবা জনস্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে সংশ্লিষ্ট সংবাদপত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গুজব, ভুয়া সংবাদ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও কাউন্সিল ব্যবস্থা নিতে পারবে।
সাংবাদিকদের মতামত নিয়েই মানদণ্ড নির্ধারণের কথা সরকারের
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও নিবন্ধন ব্যবস্থা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা করছে সরকার।
তিনি জানান, সাংবাদিক সংগঠনগুলোর পরামর্শের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার জন্য সাংবাদিক সংগঠনগুলোকেই সবচেয়ে উপযুক্ত মনে করে সরকার।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।
মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। একই সঙ্গে সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তবে প্রস্তাবিত সংশোধনী এখনো আইনে পরিণত হয়নি। ফলে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, নিবন্ধন ও শাস্তিসংক্রান্ত বিধানগুলো চূড়ান্তভাবে কী রূপ পাবে, তা আইন সংশোধনের পরই স্পষ্ট হবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।