Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের আলোচনায় রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের আলোচনায় রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম জানান, এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি, চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, যেকোনো জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, রাষ্ট্র সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব। রাজনৈতিক ঐক্যের উদ্যোগে সংস্কারকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে সংশোধন কমিটি: নাহিদ

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান কমিটি একদলীয়ভাবে গঠন করা হয়েছে। এই কমিটি রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

এ কারণে কমিটি বাতিল করে গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেই লড়াই এখনো শেষ হয়নি। এটি মূলত গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের শক্তির মধ্যকার লড়াই।

তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করা না গেলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত না হলে দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক বিনিয়োগও আসবে না।

এ কারণেই রাষ্ট্র সংস্কারকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এনসিপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সরকারি দল, বিরোধী দল এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নাহিদ ইসলামের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা সম্ভব কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ তুলে ধরেছেন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন এনসিপির

দেশের বর্তমান পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর গত সাত থেকে আট মাস ধরে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

তার অভিযোগ, আওয়ামী লীগের বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন বিষয় স্পষ্ট না করার কারণেও বর্তমান সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

নাহিদ ইসলাম আরও জানান, জাতীয় ঐক্যের যেকোনো উদ্যোগে বিচার, সংস্কার ও সার্বভৌমত্বের প্রশ্নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসব বিষয় উপেক্ষা করে টেকসই রাজনৈতিক সমাধান সম্ভব নয় বলে মনে করে এনসিপি।

বৈঠকে ছিলেন যারা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে ছিলেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

বৈঠকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জাতীয় ঐক্য এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এনসিপির অবস্থান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।