রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি জানান, লালমাটিয়ার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক জীবনের শুরুতে আজিজুল ইসলাম ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
এ ছাড়া কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।