Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে নৌকা কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

কর্মসূচি চলাকালে নৌকায় ব্যানার টাঙিয়ে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানাতেই তাঁদের এই নৌকা কর্মসূচি। বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ছাত্রলীগের এই নেতা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী একাধিক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

তাঁর ভাষ্য, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবায়নের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপুলসংখ্যক মানুষ তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিজয়ের মাসকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, তাঁরা দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা দেখতে চান।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থান, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ সমাধানের পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানানো হয়েছে। রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। ভারত তাঁকে হস্তান্তর করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের প্রত্যাশা থেকেই বুড়িগঙ্গায় এ কর্মসূচি পালন করেছেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।