Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীরা এখন টুঙ্গিপাড়ায় গিয়ে থানায় হামলা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীরা এখন টুঙ্গিপাড়ায় গিয়ে থানায় হামলা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওখানে যেয়ে কেবল থানায় হামলা করতে পারে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনার পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপরও হামলা চালাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে তারা হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলা করেছে। এটা তাদের চরিত্রও। আগুন লাগানো তাদের স্বভাব, মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

সীমান্তের ওপার থেকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের বিরুদ্ধে দেশের বাইরে থেকে সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি দাবি করেন, সীমান্তের ওপার থেকে দলটির নেতারা দেশে অবস্থানরত অনুসারীদের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও হামলা চালানোর নির্দেশনা দিচ্ছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপাড় থেকে তাদের সাবেক মন্ত্রী-এমপি-নেতারা মেসেজ দিচ্ছে, তোমরা গ্রামে গ্রামে গিয়ে আগুন লাগাও।’

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি দলটির বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ তোলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘তারা তো রাজনীতি কখনও করেনি। তাদের ডিএনএতে ডেমোক্রেসি নেই। তারা সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়েছে, আগুন দিয়েছে, হাজারে হাজারে মানুষ হত্যা করেছে, গুম করেছে, জুলুম-নির্যাতন করেছে।’

‘আন্দোলনকারীদের গুলি করে হত্যা করতে চায় না সরকার’

বিরোধী রাজনৈতিক শক্তির সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় সরকার আগের মতো দমনমূলক পন্থা অনুসরণ করবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তার অভিযোগ, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে সরকার রাজপথে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। মিছিলে মানুষ আসলে আওয়ামী কায়দায় তাদের গুলি করি, হত্যা করি।’

বর্তমান সরকারকে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অনুসারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক কালচারের সরকার। আবার রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হবে—জনগণ এটা আর দেখতে চায় না।’

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।